যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (২ আগষ্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শনিবার (স্থানীয় সময়) আইডাহোর দক্ষিণাঞ্চলীয় শহর টুইন ফলস-এর ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হলেও হতাহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস বলেন, গুলির সময় রেস্তোরাঁর ভেতর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রত্যক্ষদর্শীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন।
শহর প্রশাসনের মুখপাত্র জোশ পালমার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হামলাকারী রয়েছেন কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রেস্তোরাঁর বাইরে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণকে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে গুলির শব্দে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালাতে দেখা গেছে।
উল্লেখ্য, প্রায় ৫৬ হাজার মানুষের বসবাসের শহর টুইন ফলস সাধারণত শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। জনসমাগমপূর্ণ একটি রেস্তোরাঁয় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







