আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থ থাকা না থাকার বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্ধ্যায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ।
সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে তিনি কথা বলবেন বলে জানান।
ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন: প্রধান বিচারপতি একটি চিঠি রেখে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে, এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। এর আগে, তিনি একটি লিখিত চিঠির মাধ্যমে রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নিয়েছিলেন; এবারও তিনি লিখিত চিঠি রেখে গেছেন। আগের চিঠিতে তিনি লিখেছিলেন,‘তিনি অসুস্থ।’ আবার এবার বলছেন অসুস্থ নন!
আজ সন্ধ্যায় গণভবনে আমাদের দলের ওয়ার্কিং কমিটির মিটিং আছে। এই মিটিংয়ে আইনমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তার সঙ্গে আলোচনার পরই আমরা বিস্তারিত বলতে পারবো। সন্ধ্যা সাড়ে ৬টার মিটিং শেষে আইনমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের প্রতিক্রিয়া তুলে ধরবেন।
আইনমন্ত্রীর বক্তব্যের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। বলেন: মির্জা ফখরুল সাহেব কি বক্তব্য দিলো; সেটার সূত্র ধরে আপনার আমাকে প্রভাবিত করবেন, আর আমি বলবো! সে বয়স পার করে এসেছি। অপেক্ষা করুন আইনমন্ত্রীই আওয়ামী লীগের অবস্থান জানাবেন।
ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাদের বলেন: মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে ও বেপরোয়া রাজনীতিবিদ না হতে সকলকে সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে ইয়াবার মতো মরণ নেশা থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্টুডেন্ট বাসসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রীর কাছে।








