আসছে অক্টোবরের ২৭ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বছরে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। ছবিটি দেশে মুক্তির আগেই বেশকিছু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে প্রদর্শীত ও প্রতিযোগিতা বিভাগে লড়াই করেছে। এবার ‘ডুব’ প্রদর্শিত হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবেও। তবে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বুসান চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না ‘ডুব’ এর নির্মাতা ফারুকী।
প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও ভিসা জটিলতায় বুসান ফিল্ম ফেস্টিভালে যেতে পারছেন না দেখে কিছুটা আক্ষেপই দেখা গেল নির্মাতা ফারুকীর মধ্যে। তিনটি কারণে এবার তিনি বুসানে যাওয়ার জন্য অধীর আগ্রহী ছিলেন। ২০০৯ সাল থেকে প্রতিবার তিনি এই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। কখনও তাঁর চলচ্চিত্রের প্রদর্শনীতে, কখনও বিচারক হিসেবে, আবার কখনোবা শুধুই দর্শক হিসেবে। এই উৎসবের আমেজ তাঁর অনেক বেশি প্রিয়।- বুসানে না যেতে পেরে এভাবেই আক্ষেপ দেখালেন তিনি।
তবে নিজে যেতে না পারলেও এবার বুসান চলচ্চিত্রে উৎসবে দেখানো হবে ফারুকীর বহুল আলোচিত, ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র অভিনীত ছবি ‘ডুব’। এর আগেও এই উৎসবে ফারুকী তাঁর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ নিয়ে অংশ গ্রহন করেছেন।
বুসান ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়ার আরো একটি কারণ ছিল বলে জানিয়েছেন ফারুকী। কারণ এবার উৎসবে অংশ নিচ্ছেন দেশের আরও খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আদনান আল রাজীব, রেদওয়ান রনি, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম শুভ প্রমুখ।
ফারুকীকে অনুপ্রেরণা দানকারী প্রয়াত কিম জিসোককে স্মরণ করছেন তিনি। বুসানে যাওয়ার প্রথম কারণ তিনি ছিলেন বলেও উল্লেখ করেন ফারুকী। বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক এই উপ-পরিচালকের মৃত্যু ফারুকী এখনও মেনে নিতে পারেননি। জিসোক তাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পথ দেখিয়েছেন বলেও জানান ফারুকী।
বুসান যেতে না পারলেও বন্ধুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে দেখেই এই উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন বলে আশা রাখছেন জনপ্রিয় এই নির্মাতা।








