মেক্সিকোর জাকাটেকাস রাজ্যে একটি বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। আহতদের মেক্সিকোর সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৭ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ভোরে ভুট্টা বহনকারী ট্রাক থেকে ট্রেইলারটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
ন্যাশনাল গার্ডের সমন্বয়ক হুয়ান মানরিকেজ বলেন, দুর্ঘটনার সময় বাসটি ডান পাশে উল্টে যায়।
এক ভিডিও বিবৃতিতে জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেইস বলেন, বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজ যাচ্ছিল।
তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য রাজ্যের ক্ষতিগ্রস্তদের সহায়তা কমিশনকে নির্দেশ দিয়েছেন।







