এবার মিসর চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবি। মিসরের রাজধানী কায়রোতে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এল গোনা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। এই উৎসব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
চলতি বছরে নির্মিত হয়েছে এমন বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে ফারুকীর এই ছবিটি। এর মধ্যে আছে বার্লিন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি ‘ইনসাল্ট’, লোকার্নো জয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকা জয়ী ‘সন অব সোফিয়া’।
এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ছবি হিসেবে একমাত্র প্রতিনিধিত্ব করবে ‘ডুব’। পাশাপাশি ভারতের অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মোক্কাবাজ’ও প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে। শুধু তাই নয়, বুসান ও ভ্যাংকুভার চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে ‘ডুব’ ছবিটি। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১তম আসরের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে এটি।
এর আগে চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ছবিটি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’।
‘ডুব’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। ছবিটির সহপ্রযোজক ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।
‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। তার আগে ২৫ অক্টোবর ছবির প্রচারণার জন্য ঢাকায় আসবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী বলিউডের ইরফান খান। ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও থাকবেন এই অভিনেতা। শুধু বাংলাদেশে নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।







