সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর একটি বাসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৩ জন সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত (১০ আগস্ট) বৃহস্পতিবার জঙ্গিরা সিরিয়ার পূর্ব দেইর আল জোর প্রদেশের দক্ষিণে ইরাক সীমান্তের টি-২ পাম্পিং স্টেশনের কাছে একটি সামরিক বাস ঘিরে ফেলে। জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৩ জন সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও ১০ জনেরও বেশি সেনা আহত হয়েছে এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই হামলার ঘটনাটি আইএস জঙ্গিদের দ্বারা এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালে শেষ অঞ্চলটি হারানোর পরও আইএস সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে গোপন আস্তানা তৈরি করে রেখেছে, যেখান থেকে তারা অ্যামবুস এবং হিট অ্যান্ড রান হামলা চালায়। টি-২ পাম্পিং স্টেশনটি ২০১৭ সালে সিরিয়ার সেনাবাহিনীর অধীনে না আসা পর্যন্ত আইএসের শক্ত ঘাঁটি ছিল।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে আইএস সদস্যরা সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলগুলোতে তাদের হামলা বাড়িয়েছে। সিরিয়ায় আইএস গ্রুপের সাবেক সন্দেহভাজন নেতা আবু হুসেইন আল-কুরায়শি চলতি বছর এপ্রিলে তুর্কি বাহিনীর হাতে নিহত হয়েছেন। ২০১৯ সালে গ্রুপটিকে তাদের শেষ অঞ্চল থেকে বিতাড়িত করা হয়। তবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে জাতিসংঘ।







