মাসে ২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন

ছবিটি এআই দিয়ে তৈরি করা
রাজধানীর পুলিশ হাউজিংয়ের পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে এসব আয়োজন চলছিল। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এসব পার্টিতে যোগ দিতেন অংশগ্রহণকারীরা।
অভিযান চালিয়ে ডিজে পার্টির আয়োজনের অভিযোগে ৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ভবনটিতে উচ্চ শব্দে গান বাজানো, সীসা সেবন এবং মাদকদ্রব্য উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। পরে ওই বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানকারী দল ভবনে প্রবেশের সময় সেখানে ডিজে পার্টি চলছিল। ভবনের সামনে ও আশপাশে প্রায় ২২টি গাড়ি পাওয়া যায়। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, পার্টিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকার উপস্থিত ছিলেন। আটক নারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা ভবনে প্রবেশ করলে পার্টি বন্ধ হয়ে যায়। উপস্থিত ব্যক্তিরা ভবনের বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ রয়েছে।
অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা এবং কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট কিছু সামগ্রীও পাওয়া গেছে।
ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহীরা এতে অংশ নিতেন। ২০২৫ সাল থেকে ওই বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
ডিসি ইলিয়াস কবির আরও বলেন, অভিযানে আটক ৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।
এদিকে, পুলিশ হাউজিংয়ের ওই বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে বাড়িটিতে ডিজে পার্টি আয়োজন ও সেখান থেকে অর্থ উপার্জনের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।






