সরাসরি সেটে জিতে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। তবে শেষ আট নিশ্চিত করলেও কাঁধের ইনজুরি কিছুটা শঙ্কায় ফেলেছিল সার্বিয়ান তারকাকে।
মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে দিনের একমাত্র খেলায় ৫১ নম্বর বাছাই ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে ৬-২, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারান জোকোভিচ।
এটি উইম্বলডনের নবম কোয়ার্টার ফাইনাল জোকোভিচের। বুধবার কোয়ার্টার ফাইনালে চেক ১১তম বাছাইয়ের মুখোমুখি হবেন বর্তমান চার নম্বর তারকা।
খেলার খানিক পরই সেন্টার কোর্টের টার্ফের বেহাল দশা, কাঁধের চোট ও প্রতিপক্ষের প্রতিরোধ- সব মিলিয়ে বিরক্ত হয়ে পড়েছিলেন সাবেক এক নম্বর। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে সরাসরি সেটে জেতেন তিনবারের চ্যাম্পিয়ন।
বেসলাইন ও সার্ভিস লাইনে ছোটখাটো কিছু গর্ত ছিল। কাঁধের ব্যথা ফিরে এলে চিকিৎসার জন্য তাকে থাকতে হয়েছে কোর্টের বাইরে। আর প্রথম সেটে মাথা ব্যথা কমাতে ব্যথানাশক ঔষধ নিয়েছেন জোকার।
ম্যাচের পর জোকোভিচ সংবাদ মাধ্যমকে বলেন, কোর্টগুলোর অবস্থা এ বছর ভালো না। অনেক খেলোয়াড় তেমনটা বলেছে। আমি এর চেয়েও ভালো কোর্টে খেলেছি।







