২০তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন হতে যাচ্ছে আগামী ১৭ অগাস্ট। ইতোমধ্যে ২০তম সম্মেলন আয়োজনের স্বাগতিক শহরের মর্যাদা পেয়েছ কানাডার টরন্টো শহর।
সম্মেলনের কার্যকরী পরিষদ গণমাধ্যমকে জানায়, আগামী ১৭ অগাস্ট ক্যানাডার টরন্টো শহরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন।
দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে উত্তর আমেরিকার বিপুল সংখ্যক বাংলাভাষী দর্শক ও সুধীজনের সমাগম ঘটবে বলে মনে করছেন তারা।
বাঙালির কবি কাজি নজরুল ইসলামের মানবিক মূল্যবোধ, সঙ্গীত ও কাব্য সৃষ্টিকে ঘিরে টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারের সুদৃশ্য মিলনায়তনে পরিবেশিত হবে সেমিনার, প্রতিযোগিতা, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, টরন্টোতে নির্মিত টেলিফিল্মসহ স্থানীয় এবং বাংলাদেশ ও ভারত থেকে আগত বিশিষ্ট শিল্পীদের শ্রুতিনন্দন ও দৃষ্টিনন্দন পরিবেশনা। দর্শকদের সুবিধার্থে হল সংলগ্ন জায়গায় থাকবে খাবার ও রকমারি স্টলের ব্যবস্থা।

নতুন প্রজন্মের প্রবাসী বাংলাভাষী শিশু-কিশোরদের মননে কবি নজরুলের কাব্য, সঙ্গীত ও মানবতাবাদী চেতনার প্রসারে এই সম্মেলনে আয়োজন করা হয়েছে গান, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। সকল শাখার প্রতিযোগিতার বিস্তারিত তথ্যের জন্য ২১ জুনের মধ্যে ৪১৬-৯৯৪-০১০৮ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রত্যেক শাখায় তিনজন বিজয়ীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে নজরুল মঞ্চে, নজরুল সম্মেলনের বর্ণাঢ্য আয়োজনে।
উল্লেখ্য নতুন প্রজন্মকে এ ব্যাপারে উৎসাহিত করতে অভিভাবকদের আন্তরিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।







