২০১৮ সালে ঠিক কোন ছবি বা শিল্পী ও কলাকুশলীদের হাতে অস্কার উঠতে যাচ্ছে, সেটা নির্ভর করবে অমিতাভ বচ্চন, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন আর চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের ওপর। আছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান ও দীপিকা পাড়ুকোন। কী ভাবছেন? অস্কারের আয়োজক প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স তাদেরকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ৭৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এ বছর ৫৭টি দেশের তারকাদের রাখা হয়েছে এই তালিকায়।
সব কিছু ঠিক থাকলে আগামী বছর অস্কারের ভোট বাক্সে পড়বে এই বলিউড তারকাদের ছাপ। এদিকে নতুন অতিথিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানাতে পেরে দারুণ খুশি একাডেমির প্রেসিডেন্ট চার্লি বোন আইজ্যাক। বললেন, ‘সদস্য হিসেবে নতুন অতিথিদের আমন্ত্রণ জানাতে পেরে আমরা সত্যি গর্বিত।’
এ বছর আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বেশ বড় ধরনের চমক। সবচেয়ে কম বয়সী হিসেবে ঠাঁই পেয়েছেন এবার কান উৎসবের লাল গালিচা কাঁপানো ১৯ বছরে এলি ফ্যানিং আর সবচেয়ে বেশি বয়সী ৯৫ ছুঁইছুঁই করা বেটি হোয়াইট। এছাড়া আছেন ‘ওয়ান্ডার ওমেন’ ছবির নায়িকা ইসরায়েলের গ্যাল গ্যাদত।
অস্কার এখনো অনেক দেরি। কে অস্কার পাচ্ছেন, তার পাশাপাশি কার ভোটে অস্কার জিতছেন, সেটা নিয়ে উত্তাপের সময় ঘনিয়ে আসছে। টাইমস অব ইন্ডিয়া।








