কক্সবাজার শহরে ভারী বর্ষণের কারণে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৫ বছর বয়সী একজন শিশুসহ মোট দুইজনের মৃত্যু হয়েছে।
আজ ১১ জুলাই বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫)।
স্থানীয়দের বরাতে রকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবার ভোরে সিকদার বাজার এলাকায় বসবাসকারি সাইফুল ইসলামের বাড়ীর উপর আকস্মিক পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেওয়াল ভেঙ্গে একজন শিশু ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন।
তিনি বলেন, পরে স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এদিকে ভোরে কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় জমিলা আক্তার নামের একজন নারীর মৃত্যু হয়েছে।
রকিবুজ্জামান বলেন, ভোরে জমিলা আক্তার রান্না ঘরের পাশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার স্বামী আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন। আকস্মিক পাহাড় ধসে পড়লে জমিলা মাটি চাপা পড়ে।
পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে বলে জানান তিনি।







