কক্সবাজার শহরের ঝাউতলায় রেনেসাঁ হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হোটেলের দ্বিতীয় তলার বারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের নুনিয়ারছড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে নাজিবুল হক রাশেদ ( ২৭) ও বিডিআরক্যাম্প এলাকার আবুল কালামের ছেলে সোলাইমান ওরফে সালমান (২৯)।
রেনেসা বারের ম্যানেজার তারেক বলেন, মদ খাওয়ার সময় লাইসেন্স ছাড়া রাশেদের সাথে আরো ৪ জন যুবক বারে আসে। তারা সেখানে বসে মদ পান করে। এসময় কোন এক বিষয় নিয়ে রাশেদের সাথে আসা শহরের ২ নং ওয়ার্ডের আনসারের মধ্যে কথা কাটা কাটি হয়। এরপর আনসার ফোন করে আরো দুইজনকে ডেকে আনেন। তারা এসে আনসারকে ভাঙ্গা বোতল ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে বিডিআরক্যাম্প এলাকার সালমানকে জনতা আটক করে।
বার ও আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১১ টার পর পর শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকার আবু তাহের মিয়ার ছেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তাজুয়ার হক রাধি ও তার বন্ধু সালমান বারে প্রবেশ করছেন। এরপর সালমান গিয়ে রাশেদকে জাপটে ধরে। আর রাধি এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কাঁচের বোতল দিয়ে আঘাত করে। পরে রাশেদ আহতাবস্থায় নিচে নেমে এসে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং সালমানকে ধরে মারধর করে।
এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার বলেন, হোটেলের বাইরের যখন হামলাকারীরা আসে তখন সালমানকে ধরে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে রাশেদের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে। তারা সালমানকে সেখানে একদফা মারধর করে তুলে নিয়ে যায়। পরে রাশেদের এলাকায় নিয়ে আবার মারধর করে মূমুর্ষ অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মূমুর্ষ অবস্থায় সালমানকে পুলিশে সোপার্দ করা হয়। পরে পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম (ক্রাইম) বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মদের বারে কথা কাটাকাটির জেরে হামলা ও পাল্টা হামলায় দুই যুবক নিহত হয়েছেন। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় যারা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।









