সিলেটের ওসমানীনগরে তিনটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।







