নদীতে মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ইটনা থানা, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাই নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর দীরেন্দ্র ঘোষ (৬৫) নামের এক ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তার ছোট ভাই বিরেন্দ্র ঘোষ (৫৫)।
বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের দুই ছেলে দীরেন্দ্র ও বিরেন্দ্র ঘোষ বাড়ির পাশের ধনু নদীতে জাল ফেলতে যান। গভীর রাত পেরিয়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ধারে তাদের মাছ রাখার পাত্র পাওয়া গেলেও দুই ভাইয়ের আর কোন খোঁজ মেলেনি। পরে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করেন। তবে ছোট ভাই বিরেন্দ্র ঘোষ এখনও নিখোঁজ রয়েছেন।
নিহতের ছেলে বিজন ঘোষ বলেন, বাবা আর কাকা গতকাল সন্ধ্যায় মাছ ধরতে বের হয়েছিলেন। সারারাত খুঁজেও তাদের পাইনি। আজ দুপুরে বাবার মরদেহ উদ্ধার হল কিন্তু কাকা এখনও নিখোঁজ।
ইটনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, জেলা ডুবুরি দল উদ্ধার তৎপরতায় কাজ করছে এবং নিখোঁজ জেলের খোঁজ অব্যাহত থাকবে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






