১ লাখ টাকা যাদের আছে তারা যথেষ্ট সম্পদশালী: অর্থমন্ত্রী

১ লাখ টাকার ওপরে যাদের সম্পদ আছে তাদেরকে যথেষ্ট সম্পদশালী মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই ১ লাখ টাকার বেশি টাকা ব্যাংকে রাখলে তার ওপর যে আবগারি শুল্ক ধার্য করা হয়েছে তা দিতে তাদের তেমন কোন সমস্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব হেতায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অর্থমন্ত্রীকে সহায়তা করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এক লাখ টাকা পর্যন্ত আমরা কোনো আবগারি শুল্ক রাখছি না। এর বেশি যাদের টাকা আছে তাদের আমরা সম্পদশালী বলতে পারি। যদিও বিত্তবানের কোন সংজ্ঞা নেই। তবে এর বেশি হলে তখন আমরা আবগারি শুল্ক রাখার প্রস্তাব দিয়েছি।
এসময় অর্থমন্ত্রী আরো বলেন, অনেককে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ভ্যাট আরোপের ফলে পণ্যমূল্য বাড়বে না। পেনশনের জন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। চালের বাড়তি দামের ব্যাপারে তিনি বলেন, চালের দামটা বেড়ে গেছে, সেটা কেউ অস্বীকার করবে না। পাহাড়ি ঢলে আগাম বন্যায় ৭ জেলায় যে বিপর্যয় হয়েছে, সেই কারণে এমন দুরাবস্থা। তবে চালের যথেষ্ট মজুদ রয়েছে। ফলে একটা সময় চালের দাম কমে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট আমার জীবনের শ্রেষ্ঠ বাজেট। বাজেট বাস্তবায়নের দক্ষতায় আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এর বড় প্রমাণ হলো আমরা যখন যাত্রা শুরু করি, তখন ৯১ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা হয়। এই প্রশাসন সেই বাজেট বাস্তবায়নকে তিন লাখ ১৭ হাজার কোটি টাকায় নিয়ে গেছে।
বেসরকারি বিনিয়োগ প্রবাহ সম্প্রসারণে বাজেটারী উদ্যোগ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, এবারের বাজেটে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কারণ-সরকারের উপলদ্ধি হলো দেশের মোট অর্থনীতির ৮০ শতাংশ বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে। তাই বেসরকারি খাতের বিনিয়োগ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য ২০১৪ সালের আগ পর্যন্ত দেশে বিনিয়োগবান্ধব স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের অভাব ছিল।
এরপর থেকে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। এর সুফল হিসেবে এ বছর দেশে বিনিয়োগ বেড়ে জিডিপির ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এই ৩০ শতাংশ বিনিয়োগের মধ্যে ২৩ শতাংশ বেসরকারি খাতের। এই অবস্থা ভবিষ্যতেও চলতে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবারের বাজেটে অব্যশই আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন-আদর্শ প্রতিফলিত হয়েছে। তবে যেকোন বাজেটের উদ্দেশ্য থাকে জনকল্যাণ করা এবং সেই জনকল্যাণ যেন সবার জন্য নিশ্চিত হয়। আমি বাজেটে দেশের সব নাগরিকের জন্য জনকল্যাণ নিশ্চিত করার কথা বলেছি।’
চালের মূল্য বৃদ্ধি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দামের এই চাপ কমাতে চাল আমদানির জন্য ভিয়েতনামের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে। জি-টু-জি পদ্ধতিতে আমরা চাল আমদানি করছি। খুব শিগগির চাল আমদানি শুরু হবে,এতে মূল্য চাপ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, উচ্চাভিলাষ বা আকাঙ্ক্ষা না থাকলে কোন কিছু অর্জন করা যায় না। এজন্য আমাদের সরকার প্রতিবছর উচ্চাভিলাষী বাজেট দিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।
৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা জিডিপির ১৮ শতাংশ এবং মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা, যা জিডিপির ১৩ শতাংশ। বাজেটে ঘাটতি ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






