বাজেটের রোমান্টিসিজম থেকে সাবধান

বৃহস্পতিবার দুপুরে পেশ হতে যাচ্ছে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। তবে সেই বাজেটে খুব বেশি আশান্বিত বা রোমাঞ্চিত না হতে সবাইকে সাবধান করেছেন কানাডাভিত্তিক নিউজ পোর্টাল নতুনদেশ.কম-এর সম্পাদক শওগাত আলী সাগর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি ব্যাখ্যা করে তিনি লিখেছেন:
‘বাজেট হচ্ছে সরকারের আগ্রহ এবং অগ্রাধিকারের রাজনৈতিক দলিল। এই দলিলের দিকে তাকিয়েই বোঝা যায় সরকারের আগ্রহ কোনদিকে, সরকারের অগ্রাধিকার কী। প্রতি বছরই ক্ষমতাসীন সরকারগুলো এই দলিল জনগণের সামনে উপস্থাপন করে। আর আমরা সেই দলিল নিয়ে বিভক্ত হয়ে নিজেদের প্রতিক্রিয়ায় একে গ্রহণ কিংবা বর্জন করি। আমাদের এই গ্রহণ কিংবা বর্জনে বাজেটের কিংবা সরকারের কিছু যায় আসে না। বাজেট তার মতো করেই বিদ্যমান থাকে।
তবু বিষ্যুদবার যখন তার চোখে ‘বেস্ট বাজেট’ পেশ করবেন, আমরা তা নিয়ে বিশ্লেষণে বসবো। তো, বাজেট কিভাবে বিশ্লেষণ করবেন? আসুন, কিছু একাডেমিক (!) আলোচনা করি বাজেট বিশ্লেষণ নিয়ে।
বাজেটের মূল বিষয় হচ্ছে ‘তহবিল’। আপনাকে খেয়াল রাখতে হবে সরকারের আর্থিক পরিকল্পনার এই দলিলে তহবিল কোত্থেকে আসে আর কোথায় যায়। তহবিল যোগানের প্রধান খাত হচ্ছে অভ্যন্তরীণ তথা নিজেদের আয় থেকে আসা। সাধারণত সরকারের আয়ের উৎস হচ্ছে রাজস্ব। কাজেই আপনাকে দেখতে হবে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাটা কী এবং তার সঙ্গে আনুপাতিক বিবেচনায় ব্যয়ের পরিকল্পনা কী?
আমরা জানি বাজেটে রাজস্ব আয়ের একটা লক্ষ্যমাত্রা থাকে। বাজেট শেষে প্রতিবছরই আমরা এটিকে উচ্চাভিলাষী বলি। অর্থনীতিবিদরা আরও একটু শক্ত ভাষায় বলেন ‘বাস্তবায়ন অযোগ্য লক্ষ্যমাত্রা।’ আপনি একটা কাজ করতে পারেন। গত বছর প্রকৃত অর্থে কত টাকার রাজস্ব আয় হয়েছিল সেটির সঙ্গে এবারের লক্ষ্যমাত্রাটা মিলিয়ে দেখতে পারেন। আগের কয়েক বছরের রাজস্ব আয়ের চিত্রটাও সাথে রাখতে পারেন। সঙ্গে মূল্যস্ফীতির হারটাও বিবেচনায় রাখবেন। কী মনে হচ্ছে আপনার? সরকার কি তার সক্ষমতার বাইরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? হুম!!! বাজেটের অংকের ফাঁকফোকরে আপনাকে উন্নয়নের স্বপ্ন দেখানো হচ্ছে না তো?
সরকার কোন খাতে ব্যয় করতে চায় – সেদিকেও নজর দিন। উন্নয়ন বাজেট উন্নয়ন পরিকল্পনা – এইসব বড় বড় কথায় বিভ্রান্ত হবেন না একদম। প্রতি বছরই ঢাউস সাইজের উন্নয়ন পরিকল্পনা হয়, সেটা তো আপনি জানেনই। আপনি বরং গত বছরর প্রকৃত ব্যয়ের চিত্রটার দিকে তাকান। সরকার আসলে প্রয়োজনমতো অর্থ ব্যয় করতে পারছেন কি না সেটা না জানলে বাজেট নিয়ে আলোচনা করবেন কীভাবে? ব্যয়ের চিত্রে আবার অনেকগুলো ভাগ থাকে। রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় – ইত্যকার সুন্দর সুন্দর নামে এগুলোকে সাজানো হয়। কোনটার হার কতো সেটা তো আপনাকে জানতেই হবে, না কি?
পশ্চিমা দেশগুলোতে পার্লামেন্টের অধীনে ‘বাজেট অফিস’ বলে একটা অফিস আছে। বাংলাদেশে অবশ্য এসবের বালাই নাই। ‘বাজেট বাস্তবায়ন মনিটরিং’- এই ধারণাটার সাথেই সম্ভবত আমাদের পরিচয় ঘটেনি। না ঘটুক। আপনি তো বাজেট বাস্তবায়নের সক্ষমতার ব্যাপারটি বোঝার চেষ্টা করবেন! অবশ্য না করলেও ক্ষতি নাই। বাজেট তো বাজেটই। তার আবার জবাবদিহি কী?
বাজেট পেশের পর – ঘাটতি বাজেট, উদ্ধৃত্ত বাজেট, উন্নয়নের বাজেট, ডিজিটাল বাজেট – ইত্যাদি অনেক কথা শুনবেন আপনি। আপনার বিশাল খরচের তালিকা (সে তালিকাটি নিয়ে আপনি একশত একটি প্রশ্ন তুলতে পারবেন) আর তহবিলের যোগানের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে তো? বিদেশ থেকে ঋণ পাওয়া যাবে – কিংবা বিদেশি ঋণের উপর নির্ভর করে তৈরি করা উন্নয়ন পরিকল্পনাকে আপনি ‘উন্নয়নের বাজেট – সুষম বাজেট’ ইত্যাদি বিশেষণে ভূষিত করবেন কি না – সেটা আপনার ব্যাপার। তবে বৈদেশিক ঋণের সুদের বাবদ বছরে আমরা কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করি, সেটা জানার আগ্রহ আপনার হতেই পারে।
বাজেট যেহেতু রাজনৈতিক সরকারের অগ্রাধিকারের রাজনৈতিক দলিল – সেখানে রোমান্টিক কিছু সামাজিক প্রকল্প দেখেই আপনি অভিভূত হয়ে পড়তে পারেন। আমি আপনার আবেগকে সংবরণ করতে বলবো। আবেগের চোখে রোমান্টিকতাই কেবল দেখা যায়, ভেতরের রূঢ় বাস্তবতাটা দেখা যায় না। আবেগ নিয়ে রাষ্ট্রের তথা সরকারের অগ্রাধিকারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এই প্রশ্নটা আর কেউ তুলবেও না। আপনাকেই প্রশ্ন করতে হবে যে!’







