যবিপ্রবিতে জাল সনদে চাকরি ও পদোন্নতি, ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ নভেম্বর) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।
অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা ও সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন। অন্য দুজন হলেন তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
মামলার অভিযোগে বলা হয়েছে, চাকরির আবেদনের সঙ্গে পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও নম্বরপত্র জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাচাইয়ের পর সনদগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে হাসনা হেনার বিএ (অনার্স) এবং সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে উঠে আসে। একইভাবে জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্রও জাল বলে শনাক্ত হয়। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।
অভিযোগ অনুযায়ী, এই পাঁচজন বিভিন্ন পদে চাকরিতে যোগ দেওয়ার পর পদোন্নতিও পান। হাসনা হেনা ও সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ থেকে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর থেকে টেকনিক্যাল অফিসার পদে এবং জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থেকে সেকশন অফিসার (গ্রেড-১) পদে পদোন্নতি পান। সুমন হোসেন এমএলএসএস পদে যোগ দিয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) হন।
এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা-পুলিশ জিডিটি তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। এরপর উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলা করেন।
দুদকের তদন্তে বলা হয়েছে, জাল সনদ তৈরি ও ব্যবহার করে চাকরি নেওয়ার মাধ্যমে পাঁচ কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা হিসেবে সরকারি অর্থ উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।
তদন্ত শেষে জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।





