দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ৬১ জনকে পৃথক মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার দেশজুড়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সংক্ষিপ্ত বিচারে এসব সাজা দিয়েছেন। ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণ জরিমানা করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ প্রথমবারের মতো কঠোর পদক্ষেপ নিয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা।
এরমধ্যে বগুড়া-১ আসনে চারজন, নোয়াখালী-৪ আসনে চারজন, নারায়ণগঞ্জ-১ আসনে দুজন, নাটোর-১ আসনে একজন, কুমিল্লা-৪ আসনে একজন, পিরোজপুর-১ আসনে একজন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনজন, নোয়াখালী-১ আসনে দুজন, সুনামগঞ্জ-৫ আসনে একজন, বরগুনা-২ আসনে একজন, নারায়ণগঞ্জ-৪ আসনে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে একজন, বাগেরহাট-৪ আসনে একজন, নারায়ণগঞ্জ-২ আসনে একজন, নড়াইল-১ আসনে একজন, কুষ্টিয়া-১ আসনে তিনজন, কক্সবাজার-২ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে একজন, কক্সবাজার-১ আসনে চারজন এবং গাইবান্ধা-৫ আসনে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
এছাড়া বরগুনা-১ আসনে তিনজন, মৌলভীবাজার-১ আসনে একজন, চট্টগ্রাম-১৬ আসনে একজন, গাইবান্ধা-১ আসনে একজন, চুয়াডাঙ্গা-২ আসনে একজন, ময়মনসিংহ-৯ আসনে একজন, শরীয়তপুর-২ আসনে দুজন, জয়পুরহাট-২ আসনে একজন, মুন্সিগঞ্জ-২ আসনে একজন, ভোলা-৪ আসনে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে একজন, কুড়িগ্রাম-৩ আসনে একজন, নরসিংদী-৩ আসনে দুজনকে জেল-জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে বগুড়া-১ আসনে ভোটে অনিয়ম করায় রাশেদ নামে একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেয়ার অভিযোগে পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের শাকিকুল ইসলাম অনন্ত, মো. ইউসুফ বিজয়নগরের সাটিরপাড়ার আজিজুল ভূঁইয়া এবং একই উপজেলার নোয়াগাঁও গ্রামের সাব্বির আহমেদকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।
কুড়িগ্রাম-৩ আসনে জাল ভোট দেয়ার অভিযোগে মাহতাব হোসেন রুদ্র (২২) নামে একজনকে পাঁচ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগর।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। ২২৬ আসনে জয়ী হয়ে চতুর্থবারের মত সরকার গঠনের পথে আওয়ামী লীগ। ৬১ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টি ১১টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে জয়ী হয়েছে।
সাজাপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে








