শিক্ষা

১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা ১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিং ও ক্যান্টিনে নিম্নমানের খাবার, সুপেয় পানির অভাব ও অপর্যাপ্ত আসবাবপত্রের সমস্যার সমাধানসহ ১২ দাবিতে  হলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার ২৮ আগস্ট বেলা ১২টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন। সেসময় তারা  ‘পানির অপর নাম জীবন’, ‘ডাইনিংয়ে খাবারের নামে বিষ খাওয়ানো বন্ধ হোক’, ‘রিডিংরুমে পর্যাপ্ত টেবিলের ব্যবস্থা ও পড়ালেখার পরিবেশ চাই’, ‘সোহরাওয়ার্দী হলের পুরাতন ভবন ঝুঁকিতে, শিক্ষার্থীদের জীবন হুমকিতে’ ইত্যাদি লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

হলের আবাসিক ছাত্র ও নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, হলে ব্যবহারযোগ্য চেয়ার-টেবিল ও আলমারি খুবই কম। খাবারের দাম বাড়ছে কিন্তু মান বাড়ছেনা।  সাড়ে তিনশো শিক্ষার্থীর জন্য হলে পানির ফিল্টার মাত্র একটি।  এসব সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে তারা একমাস সময় দিয়েছেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আতিকুর রহমান তুষার বলেন, রিডিংরুমে পর্যাপ্ত বই ও আসবাবপত্র নেই। রুমগুলোতে টেবিল চেয়ারের সংকট,  পুরাতন ভবনের রুমগুলো জীর্নশীর্ণ হয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে রয়েছে। তাই নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করতে হবে। খেলার মাঠ সংস্কারসহ ১২ দফা দাবি জানান তিনি।

 

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক দেবনাথ চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সম্পর্কে তারা জেনেছেন। দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…