কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
রোববার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকার মুন্সিবাড়ির নজরুল ইসলাম পাশের বাড়ির রুবেলের কাছে ড্রেজারে বালু তোলার খরচ বাবদ এক লাখ চার হাজার টাকা পেতেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্য বাক-বিতণ্ডা হয়। পরে ঘটনাটি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১২ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার জানান, পাওনা টাকা পরিশোধ না করায় এই সংঘর্ষের সূত্রপাত। পরে টাকা পরিশোধের আশ্বাস দিলে পুলিশের সহায়তায় শান্ত হয় দু’পক্ষ।
ভৈরব থানার উপ-পরিদর্শক মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় সংঘর্ষ থামানো সম্ভব হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।








