জাতিসংঘ মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ সদস্য

ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে ১১১ জন সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিটের মোট ১৩৫ জন শান্তিরক্ষীকে নতুন কন্টিনজেন্ট দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শান্তিরক্ষীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কঙ্গোতে সংঘাত নিরসনে দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের কাজের মাধ্যমে দেশটির সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাংলাদেশ।
এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দেন। এ সময় তিনি সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।






