পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করে সুপরিচিত টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে সব কোভিট টিকা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার ভারতের তৈরি কোভ্যাকসিনের ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর প্রকাশ্যে এসেছে।
এনডিটিভি জানিয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, কোভ্যাক্সিন নিয়েছেন এমন ৩০ শতাংশ রোগীর মধ্যে এর ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
রিপোর্টে বলা হয়েছে, কোভ্যাকসিন নিয়েছেন এ রকম ৯২৬ জনের ওপরে গত ১ বছর ধরে পর্যবেক্ষণ চালানো হয়েছে। তাদের মধ্যে ৩০ শতাংশের দেহে শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ, স্ট্রোক, গিলান-বারি সিন্ড্রোম ও রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘অ্যাডভার্স ইভেন্ট অব স্পেশাল ইন্টারেস্ট’ বা ‘এইএসআই’। এছাড়াও গবেষণায় দাবি করা হয়, কোভ্যাকসিন নেওয়ায় নারীদের মধ্যে ঋতুস্রাবজনিত নানা জটিলতা দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছে এই ভ্যাকসিন তৈরির আগে যথাযথ গবেষণার পদ্ধতি নিয়ে।
তবে এই দাবি নাকচ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তারা জানিয়েছে, রিপোর্টে কোভ্য়াকসিন তৈরির পদ্ধতিতে সমস্যা ছিল বলে যা উল্লেখ করা হয়েছে তা বিভ্রান্তিকর।







