ব্যাংককের একটি বিখ্যাত ওপেন-এয়ার চাতুচাক বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে থাকা অন্তত এক হাজার পশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, এসব প্রাণীর মধ্যে পোষা পাখি, কুকুর, বিড়াল, ইঁদুর এবং অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ ছিল। প্রাণিগুলোকে দোকানের বিভিন্ন খাঁচায় বন্দী অবস্থায় বিক্রির জন্য রাখা হয়েছিল।
বাজার কর্তৃপক্ষের সূত্রে আগুন নিয়ন্ত্রণকারী সংস্থা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এঘটনায় কোনো মানুষের হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
চাতুচাক দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় বাজার। এটি পোষা প্রাণির বাজার হিসেবে বেশ পরিচিত। বাজারটি থাইল্যান্ডের সপ্তাহান্তের বাজারগুলোর মধ্যে বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত। এখানে প্রতি শনিবার এবং রোববার প্রায় দু’লাখ পর্যটক ভিড় জমায় বলে ধারণা করা হয়। তবে পোষা প্রাণীর দোকানগুলো সপ্তাহজুড়ে খোলা থাকে।








