বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের কাছে একটি চারতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।
নিহত দেলোয়ারের দোকানের কর্মচারী রিফাত জানান, ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই শব্দ পেয়ে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, কী বিস্ফোরণ হয়েছে সেটা দেখতে। তখন আবার একটি বিস্ফোরণে আগুন ধরে গেলে সেখানে দুজনই সেখানে আটকে পড়েন। তখন নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভেতরে আটকা পড়েন দেলওয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, বাড়িটির দোতলায় বাড়ির মালিক বসবাস করেন। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলার গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।






