টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজীব (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন ।
নিহত সজীব ধনবাড়ি উপজেলার মমিনপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
পুলিশ জানায়, সজীব তার বন্ধুকে নিয়ে দুপুরে বাড়ি থেকে মধুপুর বেড়াতে যায়। পরে বাড়ি ফেরার পথে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের গোলাবাড়ি নামক স্থানে ব্রীজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সজীব নিহত হয়।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। আহত হয় আরো এক জন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।








