কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।
১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর মিলন একই এলাকার জাবু মীরের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-উলামা পরিষদের সদস্যদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।
পরে পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মীর মিলন নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন দু’পক্ষের ২০ জন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, মীর মিলনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।







