বিদায়ী পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, স্বপ্ন অনেক থাকে কিন্তু সব পূরণ হয়না। তবে অধিকাংশ কর্মপরিকল্পনাই বাস্তবায়ন করে গেছি। পুলিশের পেশাদারিত্বের জন্য ২০টি নির্দেশনা দিয়ে গেছি। ৯৯৯- জরুরী সেবা ছিল সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত।
বুধবার পুলিশ সদর দপ্তরে বিদায় অনুষ্ঠান শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আর যা করতে পারি নাই, তা হলো থানা লেভেলে পরিবর্তন সম্ভব হয়নি। আমি চেয়েছিলাম মানুষ যেখানে অভিযোগ নিয়ে যায়, যেটা মানুষের শেষ ভরসা, সেখানে সেবা পেয়ে যেন সন্তুষ্টি নিয়ে ফিরে। আমি থানা পর্যায়ে সেবার মান বাড়াতে অনেক চেষ্টা করেছি, অনেক উন্নতি হয়েছে কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার। পুলিশে নতুন ছেলেরা আসছে, আশা করব তারাই মানুষের প্রত্যাশা পূরণ করবে।
আগামী জাতীয় নির্বাচনই নতুন আইজিপির জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে অনেক ষড়যন্ত্র হবে, সেসব মোকাবেলা করে মানুষকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়া হবে আসল কাজ। অনেক প্রতিবন্ধকতা আসবে কিন্তু পুলিশকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে বলেও মন্তব্য করে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক।
এর পর নবনিযুক্ত আইজিপি জাবেদ পাটোয়ারীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন শহীদুল হক। বিভিন্ন অনুষ্ঠানিকতা শেষে সদর দফতর থেকে বিদায়ের মাধ্যমে ৩২ বছর কর্মজীবনের ইতি টানেন তিনি।










