কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ছিল ২৮ কেজি, যা ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে।
এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়। মহেশখালী উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল রহমান বিষয়টি জানিয়েছেন।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি। যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন।
কয়েকদিন আগেও ওই বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে, যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লাখ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়৷
মাতারবাড়ি মৎস্যজীবী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি ও জেলে সমিতির মো. ইসমাইল জানান, সাইরারডেইলের আট জন জেলে ব্যবসায়ী মিলে মাছটি সাত লাখ টাকা দিয়ে কিনে নেন।
বোটের মালিক বহদ্দার ছৈয়দুল হক জানান, কালা পোয়া মাছটি ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজন কিনে নেয়াতে আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।
মহেশখালী উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল রহমান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছ গুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছে। এর আগেও বড় বড় অনেক পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এটি সব চেয়ে বড় পোয়া মাছ ধরা পড়েছে মহেশখালীর জেলেদের জালে।










