যে স্লোগানে শরীরে জাগে শিহরণ। যে স্লোগানে কানে বাজে বিজয়ের মাদল। যে স্লোগান বাঙালিকে দিয়েছে পৃথক সত্ত্বা। সেই স্লোগান এবার ক্রিকেটের সঙ্গে জুড়ে গেল। ‘জয় বাংলা কাপ’, শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের নাম।
কোনো দেশে সিরিজ হলে সাধারণত সেই দেশের বিশেষ কোনো ঘটনা বা ব্যক্তির নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়। কখনো কখনো দুই দেশের ঘটনা বা ব্যক্তির সঙ্গে মিল রেখেও করা হয়। কিন্তু শ্রীলঙ্কায় ব্যতিক্রম ঘটলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন নামকরণের কথা প্রথম জানতে পারে শ্রীলঙ্কার কাছ থেকেই। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকে আমরা এটা শুনেছি। সিরিজটির স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। তারাই এমন নামকরণ করেছে।’
প্রতিষ্ঠানটির নাম অ্যাডটাচ স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস। এই প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরণের খেলাধুলা আয়োজনের টেলিভিশন স্বত্ব, মাঠ ও বিজ্ঞাপন স্বত্ব কিনে থাকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রমনার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এমন দিনে ক্রিকেট সিরিজ আয়োজন হতে দেখে সিরিজের নাম ‘জয় বাংলা কাপ’ রাখার পরিকল্পনা করে অ্যাডটাচ স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস কর্তৃপক্ষ।










