ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিকে আইএসের কাছ থেকে পুনর্দখল নিতে শহরটির কেন্দ্রস্থলে প্রবেশ করে ব্যাপক অভিযান চালাচ্ছে ইরাকি সেনাবাহিনী। আইএস নিয়ন্ত্রিত প্রধান সরকারি প্রশাসনিক ভবন দখলের জন্য এখন অগ্রসর হচ্ছে সেনারা। সেনাবাহিনী বলছে ৭২ ঘন্টার মধ্যেই রামাদি সম্পূর্ণভাবে আইএসমুক্ত করা সম্ভব হবে।
চলতি বছরের মে মাসে রামাদি দখল করে নেয় আইএস। গত মাসেই রামাদির চারিদিকে অবরোধ শেষ করে মঙ্গলবার আইএস দখলমুক্ত করতে শহরের কেন্দ্রস্থলে অভিযান শুরু করে ইরাকি সেনারা। বিমান বাহিনীর সহায়তায় রামাদিতে প্রবেশ করেছে সেনা ও মিলিশিয়ারা। আবাসিক এলাকাগুলোতে আইএস মুক্ত করার পাশাপাশি এখন তারা মূল সরকারি ভবনের দিকে অগ্রসর হচ্ছে।
ইরাকি কাউন্টার টেরোরিজম বাহিনী বলছে, অভিযান শুরুর পর থেকে শহরের ভেতরে আইএস জঙ্গিদের তেমন প্রতিরোধের মুখে পড়েনি ইরাকি বাহিনী। রামাদিতে এখনও ২শ’৫০ থেকে ৩শ’র মতো আইএস জঙ্গি এখনও লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইরাক সরকার। তবে আগামী ৭২ ঘন্টার মধ্যেই রামাদি পুনর্দখল করার কথা বলছে ইরাকি সেনাবাহিনী।
রামাদি দখলের জন্য গত মাসেই ইরাকি বাহিনী শহরটিকে ঘিরে ফেলে এবং আইএসের সব ধরনের রসদ সরবরাহ বন্ধ করে দেয়ার পর দুর্বল হয়ে পড়ে জঙ্গিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জেন জানিয়েছে, সিরিয়া ও ইরাকে আইএস ইতিমধ্যেই তাদের দখলে থাকা ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রামাদি আইএসের হাত থেকে দখলমুক্ত হলে, এটা হবে ইরাক সরকারের জন্য বড় সাফল্য।







