জাতীয় দল থেকে বাদ পড়ায় অভিমানে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানকার ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ হয়ে উঠেছিলেন দ্রুতই। দেশে ফিরে আবারও জাতীয় দল জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় জান্নাতুল ফেরদৌস সুমনা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্ট্যান্ডবাই থাকলেও টি-টুয়েন্টি সিরিজে মূল দলে জায়গা পেয়েছেন ২৪ বর্ষী অফস্পিনিং অলরাউন্ডার।
মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে দুবছর পর টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। সদস্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১১ রান করা ব্যাটার সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডে, ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে।
বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা সুমনা শুরুতে থিতু হয়েছিলেন সিডনিতে। ঘরোয়া লিগে নিয়মিত অংশ নিতেন তিনি। এবছরের জানুয়ারিতে ঠিকানা বদলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির হয়ে খেলেছেন।
বছর চারেক অস্ট্রেলিয়ায় কাটিয়ে ফিরেছেন দেশে। এসেই হাতে তুলে নেন মাইক্রোফোন। বাংলাদেশের মেয়েদের হোম সিরিজগুলোতে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে।
জাতীয় দলে ফেরার লড়াইও করে গেছেন সুমনা। ক্যাম্পে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ভালো করায় সুযোগ আগে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে।
১৪ সদস্যের দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শামীমা সুলতানা, দিশা বিশ্বাস ও শারমিন সুলতানাকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৫, ৭ ও ৯ ডিসেম্বর হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল (প্রথম ও দ্বিতীয় ম্যাচ): নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবাহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।







