বিনোদন

৬ ঘণ্টা জেরার মুখে ঐশ্বরিয়া, অমিতাভকেও তলব করা হতে পারে

পানামা পেপারস:

ঐশ্বরিয়া ও অমিতাভের সাক্ষাৎকারের মুহূর্ত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই একসঙ্গে উপস্থিত, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পানামা পেপারসের ঘটনায় সোমবার (২০ ডিসেম্বর) বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছিলেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন দিল্লির ইডি দপ্তরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

সেখানে দীর্ঘ ৬ ঘণ্টার ম্যারাথন জেরার মুখোমুখি হন ঐশ্বরিয়া। পানামা পেপার্স কেলেঙ্কারি কাণ্ডে ঐশ্বরিয়ার বয়ান রেকর্ড করেন ইডি।

কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা গচ্ছিত রাখবার অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯-এর আওতায় তার বয়ান নথিভুক্ত করা হয়। নিজের বিদেশি সম্পত্তির বিবরণ এর আগেও কেন্দ্রীয় সংস্থার কাছে জমা দিয়েছিলেন ঐশ্বরিয়া।

জানা গেছে, এদিন ইডির একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বরিয়াকে। সূত্রের খবর অনুসারে, ঐশ্বরিয়ার কাছ থেকে তদন্তকারী অফিসাররা জানতে চেয়েছেন কীভাবে তাদের (যে কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন ঐশ্বরিয়া) সঙ্গে যোগাযোগ হলো নায়িকার? জানা গেছে, নায়িকার পাশাপাশি তার বাবা মাও এই কোম্পানির সঙ্গে যুক্ত।

এছাড়াও ইডি ঐশ্বরিয়ার সামনে প্রশ্ন রেখেছেন, ‘আপনার পরিবার কীভাবে যুক্ত হল এই জালিয়াতির সঙ্গে?’

তবে আগামী দিনে আবারও ইডির জেরার মুখে পড়তে হবে কিনা ঐশ্বরিয়াকে তা এখনো স্পষ্ট নয়। তবে, খুব শিগগির এই মামলায় অমিতাভ বচ্চনকেও তলব করতে পারে ইডি।

এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দুইবারই অভিনেত্রী সময় চেয়ে নিয়েছিলেন।

বেশ কিছুদিন ধরে ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপারস কাণ্ডের তদন্ত করছে। বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এদিকে পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। এছাড়াও নাম আছে অজয় দেবগণের।

পানামা পেপারসে ভারত সহ ২০০টি দেশের রাজনীতিবিদ ব্যবসায়ী, সেলিব্রিটিদের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। ১৯৭৭ সাল থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি তথ্য ছিল এই তালিকায়।

বিষয়:ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঐশ্বরিয়া রাই পানামা পেপারস পানামা পেপারস কেলেঙ্কারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…