আদালত

৫৭ ধারায় মামলা: কিশোরীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

৫৭ ধারায় মামলা: কিশোরীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে বগুড়ার শেরপুরের এক কিশোরী। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে হাজির হয়ে ১৬ বছরের ওই কিশোরী আগাম জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়।

আদালতে এই কিশোরীর পক্ষে ছিলেন আইনজীবী কাসার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়।

স্ট্যাটাসটি অবমাননাকর বা ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগ এনে গত ২৪ মার্চ শেরপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব ও শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এএসএম শাকিল শেরপুর থানায় ৫৭ ধারায় মামলা করেন।

সেই মামলায় শেরপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

বিষয়:৫৭ ধারা আগাম জামিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…