খুলনায় শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ও চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের ৫০তম টি২০ ম্যাচ। মাইলফলকের ম্যাচে জয়ের সাথে সিরিজও নিশ্চিত করতে চায় টাইগাররা।
বাংলাদেশের প্রথম টি২০ ম্যাচটিও ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে। ৫০তম ম্যাচটিও হতে যাচ্ছে সেই পুরনো প্রতিপক্ষের বিরুদ্ধে। জিম্বাবুয়েরও অবশ্য প্রথম ম্যাচ ছিলো সেটি।
প্রথম দুই ম্যাচে জয়ের পর পরীক্ষা-নীরিক্ষার তৃতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। সিরিজ জিততে হলে তাই এ ম্যাচে জয় ছাড়া কোনো গতি নেই। জয়ের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের খেলোয়াড়রা সবাই ইতিবাচক মনভাবে আছেন বলে জানান তিনি।
অন্যদিকে, এই ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করতে চায় জিম্বাবুয়ে। বিশেষ করে প্রথম ম্যাচে বড় মাপের হারের পর তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় ম্যাচের জয়ের আত্মবিশ্বাস শেষ ম্যাচে কাজে লাগাতে চায় সফরকারীরা।







