নায়ক আলমগীর পরিচালিত ছবি একটি সিনেমার গল্প মুক্তি পেয়েছে দেশের ৪০ টি সিনেমা হলে। আজ শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে। চ্যানেল আই অনলাইনকে আলমগীর এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন: প্রথম সপ্তাহে ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে ‘একটি সিনেমার গল্প’। আশা রাখছি, পরের সপ্তাহে হল সংখ্যা আরো বাড়বে।
ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন ও আরিফিন শুভ। আছেন আলমগীর, চম্পা, হাসান ইমাম, সাবেরি আলম প্রমুখ। আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।
এই ছবির মুক্তি উপলক্ষে সোমবার ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা। আজ রাতেই তিনি ফিরে যাবেন কলকাতা। তার আগে রাজধানীর বিভিন্ন সিনেমা হল ঘুরে ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানবেন বলে বের হচ্ছে তিনি, সঙ্গে থাকছেন আরিফিন শুভ। জানিয়েছেন আলমগীর।
এদিকে, পহেলা বৈশাখ আজ ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে আরো একটি ছবি, নাম বিজলী। যার পরিচালক ইফতেখার চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন ববি, কলকাতার রণবীর, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, শিমুল খান, প্রমুখ। বিজলী মুক্তি পেয়েছে ৭৯ সিনেমা হলে।








