বানরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহারাষ্ট্রের বীর জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে ফেলছে তারা।
গত এক মাসে বানরের হানায় অন্তত ২৫০ কুকুরছানার মৃত্যু হওয়ার কথা জানিয়েছে তারা। বানরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। তাদের অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বানরের দল।
গ্রামবাসীরা বলছে, বানরদের প্রতিশোধের জেরেই এই অবস্থা। বানররা কুকুরছানা দেখলেই তুলে নিয়ে চলে যাচ্ছে। তার পর উঁচু জায়গা থেকে তাদের ছুড়ে ফেলে মারছে।
বানরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা বন দফতরের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু বন দফতর একটিও বানরদের ধরতে সমর্থ হয়নি।
কিছু গ্রামবাসী বানরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা করতে গিয়ে উঁচু থেকে পড়ে বেশ কয়েক জন গ্রামবাসীও আহত হয়েছেন।
কুকুরছানাদের মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের ওপরও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে তারা। গোটা বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।







