প্রীতি ম্যাচ খেলতে আট বছর পর আবারও বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। আগামী ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের মুখোমুখি হবে মেসি-দিবালার দল। এ খবর নিশ্চিত করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল টুইটার পাতায় জানিয়েছে ম্যাচের কথা। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে যাতে খেলতে পারেন লিওনেল মেসি।
প্যারাগুয়ের দিক থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
প্যারাগুয়ে ফুটবলের অফিশিয়াল টুইটার পোস্টে লেখা হয়েছে, ‘অফিশিয়াল: নভেম্বরে আলবিরোজ্জাদের (প্যারাগুয়ে ফুটবল দলকে এ নামেই ডাকা হয়) প্রীতি ম্যাচ। বাংলাদেশে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে।’
সূচি অনুযায়ী, ঢাকায় আগামী ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ১৮ নভেম্বর লাতিন আমেরিকার অন্যতম সেরা দল আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে ৩-১ গোলে জেতে মেসিরা।
আর্জেন্টাইন দৈনিক আলবিসেলেস্তে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে এ মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার জার্মানির মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচ খেলে এশিয়া মহাদেশ সফরে আসবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখান থেকেই ঢাকায় আসবে লাতিন জায়ান্টরা।







