খুলনা জেলার সিটি কর্পোরেশন ও কয়েকটি জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৫মে (মঙ্গলবার) চট্টগ্রাম, যশোরসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসীলী ব্যাংকের নির্বাহী প্রধানদের নিকট পাঠানো হয়।
ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।
১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। একইভাবে এদিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনাবালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে।
বাংলাদেশ ব্যাংকের পৃথক আরো একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে।








