অলিম্পিকে হরেক সব খেলার দেখা মিললেও ক্রিকেটের অংশগ্রহণ নেই। কেন নেই ক্রীড়াপ্রেমীদের সেই প্রশ্ন দীর্ঘ সময়ের। খেলাটার জন্য লম্বা সময়ের প্রয়োজন পড়ে অজুহাতে ক্রিকেটকে অলিম্পিকে ব্রাত্য করে রেখেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে ভবিষ্যতে অলিম্পিকেও থাকতে পারে ক্রিকেট। আশার আলোটা দেখাচ্ছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। সব ঠিক পথে এগোলে ২০২৪ অলিম্পিক আসরেই দেখা যেতে পারে ব্যাট-বলের লড়াই। তাতে শতবর্ষ পেরিয়ে ক্রীড়ামহাযজ্ঞে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা জাগছে।
২০২৪ অলিম্পিকে পাঁচটি নতুন খেলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইওসি। সুযোগটা কাজে লাগিয়ে ক্রিকেটকে অলিম্পিকে নিতে চায় আইসিসি। সেদিকে ইঙ্গিত করে লন্ডনে রিচার্ডসন বলেছেন, ‘আমাদের জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সেপ্টেম্বরে আইওসির কাছে আবেদন করবো কিনা। কারণ ২০২৪ অলিম্পিকে নতুন খেলা যুক্ত হবে।’ প্রক্রিয়া এগিয়ে নিতে বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশের সমর্থনও প্রয়োজন হবে আইসিসির।
রাগবিকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র জুড়ে জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল খেলাটির। ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে অলিম্পিকের মত বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণ করানোটাও জরুরি বলে মনে করছেন আইসিসির প্রধান নির্বাহী।
‘অধিকাংশই মনে করে, এমনকি আমিও যে- ক্রিকেটকে জনপ্রিয় করার এটাই এখন উপযুক্ত সময়। আমাদের ঐক্যমত্যে আসতে হবে, খেলাটাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে। সুতরাং আমি আশা করতেই পারি।’ বলেন রিচার্ডসন।
ক্রিকেটকে অলিম্পিকে নেয়ার জন্য বিসিসিআই অনেকদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট সূচির সাথে সাংঘর্ষিক বিবেচনায় হাত গুঁটিয়ে ছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার সেই ঝামেলাও মিটছে বলে জানিয়েছেন রির্চাডসন। কেননা যেকোনো মূল্যেই অলিম্পিকে অংশ নিতে চায় ক্রিকেট খেলুড়ে দেশগুলো।
ক্রিকেট সুযোগ পেলে আট থেকে দশটি দেশ খেলতে পারবে অলিম্পিকে। খেলা হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। সময় বিবেচনায় টি-টুয়েন্টিই ‘আদর্শ’ ফরম্যাট বলে মত রিচার্ডসনের।
কোন দেশ ২০২৪ অলিম্পিকের আসর বসবে সেটি এখনো ঠিক হয়নি। রোম নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় আয়োজক হওয়ার দৌড়ে আছে কেবল লস অ্যাঞ্জেলস এবং প্যারিস। দৌড়ে থাকছে ক্রিকেটও। সবকিছু ঠিক থাকলে ১২৪ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলাটির দেখা মিলেছিল।







