জিমে ওজন তুলতে গিয়ে কোমরে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে ১০ দিনের বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। এমআরই রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। এই কদিনের বিশ্রাম নিলেই মাঠে ফিরতে পারবেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর চোট প্রসঙ্গে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানান, ‘জিমে কাজ করার সময় কোমরের নিচের অংশে টান লাগে মাহমুদউল্লাহর। এমআরই রিপোর্টে দেখা গেছে ওখানে বড় ধরনের কোনও কিছু হয়নি। ৮-১০ দিন বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে।’
রোববার সকালে মিরপুরের জিমে বাংলাদেশ দলের ফিটনেস অনুশীলনের সময় মাহমুদউল্লাহ চোট পান। তখন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান।
একইদিনে চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রুবেল হোসেন। চোয়ালের অস্ত্রোপচারের কারণে পাঁচ সপ্তাহ বিশ্রাম থাকতে হয়েছে এই পেসারকে। রুবেলের মাঠে ফেরার দিনে বিশ্রামে যেতে হচ্ছে মাহমুদউল্লাহকে। বাঁ-পায়ের অ্যাঙ্কেলের চোটে পড়ে সাকিব আল হাসানও আছেন বিশ্রামে। ২-১ দিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন এই অলরাউন্ডার। জ্বরের কারণে কয়েকদিন বিশ্রামে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তোজা সোমবার অনুশীলনে যোগ দেবেন।







