হ্যালো ঢাকা!

শ্রেয়া ঘোষাল
‘হ্যালো ঢাকা!’ ঢাকার ভক্তদের এভাবেই শুভেচ্ছা জানালেন শ্রেয়া ঘোষাল। কথা ছিল, আজ দুপুরে রাজধানীর ওয়েস্টইন হোটেলে কিছু সময়ের জন্য সংবাদ মাধ্যমের সঙ্গে বসবেন তিনি। কিন্তু না, দীর্ঘ যাত্রার কারণে একটু ক্লান্ত। তাই বিশ্রাম নেবেন। এরপর যাবেন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। সেখানে আজ শুক্রবার রাতে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে গান করবেন। তার আগে বিকেলে নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় ‘শব্দযন্ত্র পরীক্ষা’ করবেন। রাত আটটা নাগাদ গান গাওয়ার জন্য মঞ্চে ওঠার কথা রয়েছে তার। তাই সংবাদ মাধ্যমের সঙ্গে দুপুরে আর বসা হলো না। শুধু বললেন, ‘হ্যালো ঢাকা! সন্ধ্যায় দেখা হবে। আপনাদের গান শোনাব।’
ফেসবুকে ভিডিওবার্তায় শ্রেয়া ঘোষাল আগেই জানিয়েছিলেন, ৩১ মার্চ সন্ধ্যায় গান শোনাতে ঢাকায় আসবেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভারতের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্ট আয়োজন করেছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। শ্রেয়ার সঙ্গে এসেছে কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায়। তিনিও গান করবেন। এই কনসার্টে আরও গান করবেন বাংলাদেশের শিল্পী আনিকা, পিন্টু ঘোষ এবং মিফতাহ জামান। কনসার্টটি সঞ্চালনা করবেন আমব্রিন।
আলোকচিত্রী : জাকির সবুজ






