বিদেশ থেকে আসা নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব কমিটি গঠন করতে হবে। বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
নতুন কমিটিকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশেও বেশ কিছু রোগী শনাক্ত করা হয়েছে।
করোনা ভাইরাসের মোকাবেলায় বিশ্বব্যাপী ‘হোম কোয়ারেন্টাইন’ একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।








