মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামালকে গ্রেপ্তার, মারধর এবং দেশত্যাগের জন্য হেফাজতে ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠন প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডারস।
একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে হেফাজতে ইসলাম এ ধরনের কাজ করছে বলে ফ্রন্ট লাইন ডিফেন্ডারস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়: ওই টকশোতে সুপ্রিম কোর্ট থেকে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য সরানো নিয়ে আলোচনা চলছিল। এ বিষয়ে টকশোতে উপস্থিত হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাখাওয়াত হোসেন বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোন ধর্মীয় স্থাপনা থাকতে পারে না।
তার কথার পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল বলেন, তাই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে মসজিদও থাকা উচিত নয়, মসজিদও তো ধর্মীয় স্থাপনা।
এই আলোচনার পরই হেফাজত নেতা জুনায়েদ আল-হাবিব সুলতানা কামাল দেশের সব মসজিদ বন্ধের কথা বলেছেন বলে অভিযোগ করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন।
এর জের ধরে হেফাজত কর্মীরা সুলতানা কামালকে মারধরের হুমকি প্রদান এবং তাকেও তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়তে হবে বলে দাবি জানায়।
এ ঘটনার পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সুলতানা কামালও জানিয়েছেন, পুলিশ তার নিরাপত্তার দিকে নজর রাখছে।
মানবাধিকার কর্মীরা ফ্রন্ট লাইন ডিফেন্ডারসকে জানিয়েছেন, এ ধরনের হুমকি বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সুলতানা কামালের শান্তিপূর্ণ এবং স্বাধীনভাবে কাজের পধে বাধা হয়ে দাঁড়াবে।








