ভারত সফরে বাংলাদেশের সঙ্গে হায়দরাবাদ রঞ্জি দলের তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে জন মনোজ ও পিআর মান সিং।
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হতে পারে সেটা এখনো ঠিক করা হয়নি। তবে বুধবারের মধ্যে সেটা চূড়ান্ত হবে। তবে গুঞ্জন রয়েছে ওই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হায়দরাবাদ রঞ্জি দল।
প্রস্তুতি ম্যাচটি হায়দরাবাদের রঞ্জি দলের বিপক্ষে হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিআর মান সিং বলেন, আসলে তেমনটি হলে হায়দরাবাদ রঞ্জি দলের জন্য দারুণ কিছু হবে। তারা আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে। দলের খেলোয়াড়দের জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে। আশা করছি বিসিসিআই বিষয়টি দেখবে।
আগামী মাসেই ভারতের বিপক্ষে ঐতিহাসিক একমাত্র টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যে কোনো সফরে শিষ্যদের জন্য বেশি প্রস্তুতি ম্যাচ চান কোচ চন্দিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ দলের চাওয়া অনুযায়ী ভারতে একমাত্র টেস্টের আগে তিন দিনের একটি ম্যাচ রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।







