হাওর অঞ্চলের অসহায় মানুষের জন্য বিএনপির যা সামর্থ তা করেছে এবং এখনও করে যাচ্ছে দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমাদের মহাসচিব দুর্গত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেখান থেকে ফিরে সংবাদ সম্মেলনে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছেন।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, হাওর অঞ্চলকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছি আমরা। বলেছি, সরকারের ত্রাণ তৎপরতা পর্যাপ্ত হচ্ছে না। এবার যা করার সরকার করবে। সরকারের দায়িত্ব সব।
দেশের বৃহত্তম রাজনৈতিক দল দাবি করা বিএনপি হাওরের মানুষের জন্য কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলেরিজভী আহমেদ বলেন: আমরা ধারণা করেছি হাওরে ভারত থেকে ইউরেনিয়ামের বিষাক্ত বর্জ্য এসে মাছ, পশুপাখির মৃত্যুসহ পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।
‘সরকার পানি পরীক্ষা না করে বলে দিয়েছে ইউরেনিয়াম বর্জ্য আসেনি। সরকারের এই তদন্তে মানুষের কোন আস্থা নেই।’
তিনি বলেন, জনগণের সব অর্থবিত্ত তো সরকারের হাতে। এক্ষেত্রে সরকার ও দেশের মানুষকে সচেতন করা বিএনপির দায়িত্ব। তা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এরপরও আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আ্ক্রান্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
মহাসচিব ত্রাণ নিয়ে যাওয়ার পর বিএনপি আর কোন পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে রিজভী আহমেদ বলেন, হাওরের মানুষের পাশে বিএনপি আছে। আমাদের নেতাকর্মীরা তাদের পাশে যাচ্ছে নিয়মিত। এসব মিডিয়ায় প্রচার করে করা যায় না। তারপরও কেন্দ্রীয়ভাবে কোন পদক্ষেপ থাকলে আপনারা জানতে পারবেন। সরকারকে আপনারা সচেতন করুন।
সরকার যে পরিবার পিছু ৩০ কেজি করে চাল ও ৫শ টাকা করে নগদ দেয়ার ঘোষণা দিয়েছে, সে বিষয়ে রিজভী বলেন: তা খুব অপর্যাপ্ত সাহায্য। একটি পরিবারের জন্য তা খুব কম। তবে আমরা আশা করবো সে ত্রাণগুলো যেন অন্তত প্রকৃত দুর্গত পরিবার পায়। যেন আওয়ামী লীগ নেতারা তা ভাগবাটোয়ারা করে খেয়ে না ফেলে সেটাই আশা করবো।







