হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নামা হাজারো বিক্ষোভকারীর ওপর আগ্রাসী হামলা চালিয়েছে পুলিশ।
সরকারবিরোধী আন্দোলনের নেতা জশুয়া অংকে শনিবার গ্রেপ্তারের পর নিষেধাজ্ঞা অমান্য করে হংকংয়ের রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ। এছাড়াও শনিবার ছিল হংকংয়ে চীন সরকারের পূর্ণ গণতান্ত্রিক নির্বাচন নিষিদ্ধ করার পঞ্চম বার্ষিকী। তারপর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।
এ সময় বিক্ষোভকারীরা পুলিশের দিয়ে ইট পাটকেল এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ বিক্ষোভে প্রায় ১০ হাজার লোক অংশ নেয় বলে জানিয়েছে বিবিসি।
পুলিশের টিয়ার শেল ও জলকামান থেকে বাঁচতে বিক্ষোভকারীরা ছাতা নিয়ে বিক্ষোভে অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক দফা জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালাচ্ছে। সর্বশেষ বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ভূগর্ভস্থ মেট্রোরেলে ঢুকে লোকজনের ওপর লাঠিচার্জ করছে এবং পিপার স্প্রে ছুড়ছে।
এমনকি ফুটেজে কয়েকজনের পেছনে পুলিশকে ছুটতে ছুটতে ধরে মাটিতে ফেলে পেটাতে দেখা গেছে।
পুলিশের দাবি, সাধারণ নাগরিকদের ওপর ‘মৌলবাদী আন্দোলনকারীরা’ সহিংসতা চালাচ্ছে, এমন তথ্য দিয়ে পরিস্থিতি সামলাতে তাদেরকে ডাকা হয়েছিল।
কিন্তু মেট্রোরেল এবং মেট্রো স্ট্রেশন এলাকায় পুলিশের হামলায় আহত ও গ্রেপ্তার হওয়া সবাই-ই বিক্ষোভে জড়িত ছিল কিনা সে বিষয়ে পরিষ্কার হওয়া যায়নি।








