ঢাকা সিটি কর্পোরেশনের অবহেলার কারণে কাজী নজরুল ইসলামের স্মরণে স্থাপিত স্মৃতিফলকগুলো এখন বেহাল অবস্থায়। রাজধানীর বিভিন্ন স্থানে অযত্ন অবহেলায় পড়ে থাকা এই স্মৃতি ম্যুরালগুলোর দ্রুত সংস্কার, মেরামত ও রক্ষনাবেক্ষনের দাবি জানিয়েছে জাতীয় কবির পরিবার, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, পরিষদ, ছায়ানটসহ শিল্পীরা।
‘উন্নত মম শির’ নামে জাতীয় কবির স্মরণে রাজধানীর কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউতে দাঁড়িয়ে থাকা এই ম্যুরালটি স্বাক্ষর বহন করছে অযত্ন আর অবহেলার। জাতীয় কবির প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হচ্ছেনা দাবি পরিবারের।
কবির নাতনী খিলখিল কাজী বলেন,‘আমি দীর্ঘদিন ধরে ম্যুরালটিতে নানান পোস্টার এমনকি পানের পিকও দেখেছি। বিমানবন্দরের কাছে একটি বড় ম্যুরাল রাখা উচিৎ। এতে করে বাংলাদেশে আসা বিদেশীরা দেশের জাতীয় কবি সম্পর্কে জানতে পারবে,কবিকে চিনতে পারবে’।
রাজধানী জুড়ে স্থান পাওয়া এই স্মৃতিফলকগুলোর যথাযথ সংস্কার ও পুনঃনির্মাণের দাবিতে নজরুল সঙ্গীত শিল্পীদের এই মানববন্ধন। মানববন্ধনে সঙ্গে ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র। জানালেন পরিকল্পনা নেয়ার কথা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন,‘ স্মৃতিফলকটি ঢাকা উত্তরের আওতাধীন। এদেশের সর্বশ্রেষ্ঠ নজরুল শিল্পীরা এখানে যে দাবি জানালেন সেটা শুনে অবশ্যই নজরুলের এইসব স্মৃতিফলকের রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নেয়া হবে’।
আসছে ১১ই জৈষ্ঠ উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী।







