বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না স্টিভেন স্মিথের। সেটিই কাল হল এ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্য। ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে খেলা হচ্ছে না অজি তারকার।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খেলার কথা ছিল স্মিথের। বিপিএল টেকনিক্যাল কমিটি শুরুতে কুমিল্লাকে অনুমতি দিলেও অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির কারণে দেখা দেয় জটিলতা। শেষপর্যন্ত বাইলজ অনুসরণ করার সিদ্ধান্ত নেয় বিপিএল গর্ভনিং কাউন্সিল। তাতে শেষমুহূর্তে বিপিএল থেকে ছিটকে গেলেন স্মিথ।
বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস এ ব্যাপারে বললেন, ‘ড্রাফটের বাইরে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির ব্যাপারটি বাইলজে ছিল না। তবে টুর্নামেন্টের স্বার্থে আমরা তার খেলার ব্যাপারে অনুমতি দিয়েছিলাম। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো বিরোধিতা না করলে হয়তো অসুবিধা হতো না। তারা যেহেতু চাচ্ছে না, তাই স্মিথকে আমাদের না বলে দিতে হয়েছে।’







