অন্যান্য

স্বৈরাচার পতন দিবসে আত্মজিজ্ঞাসা এবং আত্মউপলব্ধি

স্বৈরাচার পতন দিবসে আত্মজিজ্ঞাসা এবং আত্মউপলব্ধি

কিছু কর্মসূচিতে পালিত হলো ‘স্বৈরাচার পতন দিবস’। ছাত্রগণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। ১৯৮৩ সালে শুরু হওয়া আন্দোলন অনেক প্রাণের বিনিময়ে দীর্ঘ ৮ বছর পর সেদিন চূড়ান্ত বিজয় হিসেবে পূর্ণতা পেয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসকেরা নানাসময় নানা কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, তারই ধারাবাহিকতায় সেনাপ্রধান থেকে এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিলেন। ক্ষমতায় এসেই ক্ষমতার অপব্যবহারে ক্ষুব্ধ হয়ে ওঠেছিল দেশের মানুষ। সেসময় সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল, গ্রেফতার-জেল-জুলুমে অস্থির ছিলেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। বিষয়গুলো মেনে নিতে না পেরে দ্রুত গণতান্ত্রিক আন্দোলন গড়ে ওঠে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয়, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় ও বাম ঘারানার ৫ দলীয় জোট সম্মিলিতভাবে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন শুরু হয়। ছাত্রশিবির ছাড়া দেশের সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে গড়ে উঠা সর্বদলীয় ছাত্র ঐক্য ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনও গণতান্ত্রিক দাবি নিয়ে রাজপথে এক হতে থাকে। চ্যানেল আই অনলাইনে ওইসময়ের আন্দোলনের সামনের পেছনের নানা বিষয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে উঠে এসেছে গণতান্ত্রিক আন্দোলনের সময় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার কথাও। আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হয় নূর হোসেন, সেলিম, দেলোয়ার, ডা. মিলন, ফিরোজ-জাহাঙ্গীরসহ নাম অজানা অনেক গণতন্ত্রকামী মানুষকে। তীব্র হয় গণআন্দোলন, রূপ নেয় গণঅভ্যুত্থানে। ১৯৯০ সালের ১৭ নভেম্বরের পরে আন্দোলন তীব্রতর হয়, ১৭ দিন পর  পতন হয় স্বৈরাচারী এরশাদ সরকারের। দিবসটি উপলক্ষে সেইসময়ের আন্দোলনে নেতৃত্বদানকারী দুই নেত্রীই বাণী দিয়েছেন, তাদের দলগুলোও কিছু কর্মসূচি পালন করেছে। তারপরও পতিত ওই স্বৈরাচারের বর্তমান অবস্থানে ক্ষোভ ও হতাশা রয়েছে মানুষের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আন্দোলনে গতি এসেছিল, সেইসব শহীদের অনেকের পরিবার মানবেতন জীবনযাপন করছে, এ অবস্থারও পরিবর্তন হওয়া জরুরি। প্রকৃত বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রয়োগের মতো বিষয়গুলোতেও আসা দরকার প্রকৃত গণতান্ত্রিক চর্চা। রাজনৈতিক দলগুলো যে চেতনা ও অঙ্গীকার থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একাত্ম হয়েছিল, তা বাস্তবায়ন হলে শহীদদের আত্মা হয়তো শান্তি পাবে, মৌলবাদ-জঙ্গীবাদকে দূরে সরিয়ে দেশের সঠিক উন্নয়ন হবে, গণতন্ত্র মুক্তি দিবসে এটাই হোক আমাদের চাওয়া এবং অঙ্গীকার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…