রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় শুরু করেন তিনি। নাচ ছাপিয়ে তখনই স্বপ্ন দেখতেন, একদিন অভিনেত্রী হবেন। পারসা ইভানার সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই।
গত কয়েক বছরের ইভানা হয়ে উঠেছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রীদের একজন। তাকে পাওয়া গেছে নানামাত্রিক চরিত্রে। দর্শকের নজরে আসার পর নতুন স্বপ্ন দেখতে থাকেন সেরা নাচিয়ের মুকুটজয়ী এই মেয়েটি।
কথা প্রসঙ্গে ইভানা জানান, তার ভীষণ ইচ্ছে ছিল কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এ যুক্ত হবেন। অবশেষে হতে পারলেন। ধারাবাহিকটির সিজন ফোরে ১৫তম এপিসোড থেকে ইভা চরিত্রে হাজির হয়েছেন পারসা ইভানা।
চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইভানা জানান, ব্যাচেলর পয়েন্টে যুক্ত হয়ে তার নতুন আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে। বললেন, মন থেকে সবসময় চাইতাম বলেই হয়তো সম্ভব হয়েছে। উচ্ছ্বাসে এখন মাঝেমধ্যে আমার বিশ্বাস হয় না এই সিরিয়ালের অংশ হতে পেরেছি!
যোগ করে পারসা ইভানা বলেন, আমার অভিনীত পর্ব প্রচারে আসা শুরু হয়েছে। এর প্রতিটি চরিত্র মানুষের কাছে আপন। নিজেও চেষ্টা করছি অন্য চরিত্রগুলোর মতো ইভাকেও যেন দর্শক আপন করে নেন।
পারসা ইভানার সঙ্গে যখন জমিয়ে আলাপ হচ্ছিল, তখন ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিংয়ে যাচ্ছিলেন। ফোনের ওপাশ থেকে বললেন, ব্যাচেলর পয়েন্টে নিজেকে খুঁজে পেয়েছেন।

ইভানা বললেন এভাবে, ‘আমি একজন নৃত্যশিল্পী। নাটকে আমার চরিত্র নাচ শেখানো। মানে আমি আমার স্বপ্নের কাজের মাঝে নিজেকে খুঁজে পেয়েছি। নাটকেও নাচ শেখাতে পারছি। আমি যে নাচতে পারি এটা অনেকেই জানতেন না। এই নাটকের কারণে অনেকে জানা শুরু করেছেন। অভিনয় করছি, নাচতেও পারছি; এটা আমার প্লাস পয়েন্ট।’
ব্যাচেলর পয়েন্টে নতুন যুক্ত হয়েও নিজেকে পুরাতন টিম মেম্বার অনুভব করছেন ইভানা। বললেন, শুটিং করার সময় শুটিং ইউনিট ভেবে কাজ করি না। প্রত্যেক সদস্য খুব ফ্রেন্ডলি। অমি ভাই সবাইকে নিয়ে এনজয় করে কাজ করেন। যতক্ষণ পর্যন্ত তার সন্তুষ্টি না আসে তিনি কাজ আদায় করে নেন। এতে সবার সহযোগিতা থাকে।
সাফল্যের ধারাবাহিকতায় ১ মার্চ থেকে জনপ্রিয় ফ্রুট ড্রিংক ফ্রুটিকার নিবেদনে ‘ব্যাচেলর পয়েন্ট সিজয় ফোর’ প্রচারের পর থেকে আলোচনায় রয়েছে। প্রতিটি এপিসোড ইউটিউবে উন্মুক্তের দুই তিন ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করার রেকর্ডও গড়েছে!
ইভানা মনে করেন, পরিচালক অমির আইডিয়া ও তার টিমের প্রত্যেকে এতোটাই নিবেদিত প্রাণ ও ভালোবেসে কাজটি করেন যে কারণে মানুষও তাদের ভালোবাসার প্রতিদান দিচ্ছেন প্রতিনিয়ত। রাস্তায়, বাড়িতে, গাড়ি, শপিং মলে, নাটক সংশ্লিষ্টদের থেকে সবখানেই ব্যাচেলর পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে।
গত ভ্যালেন্টাইনে অমির ‘দই’ নাটকে শাবনূর চরিত্র দিয়েও আলোচনায় এসেছেন পারসা ইভানা। এই নির্মাতার ঈদের জন্য বানানো ‘ব্যাড বাজ’ ও ‘ব্যাচেলর রমজান’ নামে আরও দুটি নাটকে থাকছেন পারসা ইভানা।
ঈদের কাজ প্রসঙ্গে ইভানা জানান, তিনি মোট পাঁচটি নাটকে কাজ করছেন। অমির দুটি নাটক ছাড়াও মাবরুর রশিদ বান্নাহ পরিচালনায় মিশু সাব্বিরের সঙ্গে ‘রেসপেক্ট’, সাব্বির হোসেনের পরিচালনায় ইয়াশ রোহানের সঙ্গে প্রথমবার কাজ করলেন ‘বিভ্রম’-এ, পনির খানের পরিচালনায় মিশু সাব্বিবের সঙ্গে আরো একটি নাটক করলেন যেটির নাম ‘নার্ভাস ব্রেকডাউন’।
পারসা ইভানার দাবি করেন, ঈদের জন্য তার সবগুলো নাটকে ভিন্নতা থাকবে। তিনি বললেন, রেসপেক্ট নাটকে ফিজিক্যালি ডিজেবল চরিত্র করেছি। কাপ্তাইয়ে শুটিং হওয়া ব্যাডবাজে বন্ধুত্ব প্রেম ভালোবাসার মিষ্টি গল্প আছে। বিভ্রমে আছে মধ্যবিত্ত প্রেম ও ক্রাইসিসের গল্প। নার্ভাস ব্রেকডাউনও অন্য প্যাটার্নের গল্প।
পারসা ইভানা বলেন, বেছে এই পাঁচটি কাজের সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। কারণ একটি কাজ হিট হলে একই চরিত্রের জন্য বেশি কল পাই। কিন্তু একই চরিত্র রিপিট করতে চাই না। এজন্য হয়তো সংখ্যায় আমার কাজ কম হবে। কিন্তু ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্র করতে পেরেছি এটাই আমার সন্তুষ্টির জায়গা।
সবশেষে পারসা ইভানার প্রত্যাশা করেন, ঈদের তার অভিনীত কাজগুলো দিয়ে দর্শক তাকে আলাদাভাবে পাবেন এবং সবগুলো কাজই দর্শক গ্রহণ করবেন।







